
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।
মঙ্গলবার সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শান্তিপ্রিয় দেশ জাপান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর অন্যতম। পাঁচ দশকেরও বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। দীর্ঘদিনের এই বন্ধুত্বের জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।
তিনি জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের সরকারপ্রধান।
জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেল ও অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে সফরে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় করা হয়েছে। বৈঠকের ফলাফল ও অভিন্ন অগ্রাধিকারগুলো একটি যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।
তারেক রহমান বলেন, কয়েক দশকের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-জাপান অংশীদারত্ব গড়ে উঠেছে। বর্তমানে এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।
এ লক্ষ্যে জাপানের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার এবং দেশের উন্নয়নের পরবর্তী ধাপে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ জাপানি অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও জাপান দুই দেশের মানুষের জন্য আরও সহনশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে